
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের নামে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও পরবর্তীতে তিনি সরব হন এবং প্রতিবাদ জানান। সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের বিভিন্ন প্রতিকূলতা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
জীবনে বারবার সমস্যার সম্মুখীন হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। তিনি আরও বলেন, এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি। এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি ফেসবুক লাইভেও এসেছিলেন। তার এই সাহসী অবস্থানের জন্য অনেকেই তাকে প্রশংসা করেছেন। এ বিষয়ে পরীমনি বলেন, সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে তার নামে ওই আপত্তিকর ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বিষয়টি অনেক সেনসিটিভ এবং প্রথম তিন-চারদিন তিনি এটি এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি যখন আর এড়ানো সম্ভব হচ্ছিল না, তখন তিনি মুখ খুলতে বাধ্য হন।
এ ধরনের ঘটনা সাধারণ মানুষের ক্ষেত্রে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে মনে করেন পরীমনি। তিনি বলেন, কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সবার সোচ্চার হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :