
শনিবার সকাল ১০টা ২২ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং নিজের অনুভূতি ব্যক্ত করেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে স্মৃতিসৌধ ও এর পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
এর আগে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এরপর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :