
রিটেইল প্রযুক্তি ও পণ্য বিতরণ প্ল্যাটফর্ম প্রিয়শপ দেশের ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটিই দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং ব্যবস্থা।
এই নতুন প্রযুক্তির মাধ্যমে প্রিয়শপের সঙ্গে যুক্ত দোকানিরা এখন আর লিখে নয়, স্বাভাবিকভাবে বাংলায় কথা বলেই পণ্যের অর্ডার দিতে পারবেন। কোনো দোকানি কতটুকু পণ্য চাচ্ছেন, তা মুখে বললেই এআই সহকারী কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট পণ্যের নাম, পরিমাণ এবং অর্ডারের প্রয়োজনীয় তথ্য শনাক্ত করতে সক্ষম।
প্রচলিত ইংরেজি-নির্ভর ভয়েস সিস্টেমের চেয়ে প্রিয়শপের এই প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি বাংলা ভাষা এবং স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে আঞ্চলিক উচ্চারণ, পণ্যের নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং ব্যবসায়ীদের দৈনন্দিন কথোপকথনের ধরন বোঝার সক্ষমতা যুক্ত করা হয়েছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, দেশের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর একটি বড় অংশ প্রযুক্তিতে খুব বেশি দক্ষ নন। তাদের নিজস্ব ভাষা ও কণ্ঠের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যেই এই ব্যবস্থাটি চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ভয়েস অর্ডারিং সুবিধা তাদের বৃহত্তর প্রযুক্তিনির্ভর ব্যবসা ব্যবস্থার একটি অংশ। ভবিষ্যতে অর্ডার গ্রহণের পাশাপাশি অর্থায়ন, পণ্য সরবরাহ এবং তথ্য ব্যবস্থাপনার মতো খুচরা ব্যবসার বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আপনার মতামত লিখুন :