Facebook Twitter Instagram YouTube

আগামী মাসে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালু করবে সরকার


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ /
আগামী মাসে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালু করবে সরকার

প্রবাসীদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। প্রবাসী কার্ডের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা।

এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, এবং সিগনেচার কার্ডের মাধ্যমে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সুবিধা। এছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার পাবেন তারা। কার্ডটি রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সরাসরি লেনদেনের সুযোগও তৈরি করবে।

পরীক্ষামূলক প্রকল্পের প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

সভায় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এই কার্ডের আওতায় আনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, সচিব মোখতার আহমেদ এবং বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din