
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, হাজারো ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর ফিরে আসবেন না এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। আজ সোমবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন জোর দিয়ে বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এ কথা পাগলেও বিশ্বাস করে না।’ তিনি জামায়াতের রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন না। তাদের সংসদ সদস্য হওয়া সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ এবং ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণের মাধ্যমে। এ কারণেই তারা রাজপথের বক্তব্যে অভ্যস্ত নন এবং সংসদ কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে সাধারণ মানুষ হাসি-তামাশা করছে। একটি গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে ধরনের সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। রাশেদ খাঁন অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।
জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবেন, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার প্রস্তুত রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্য। রাশেদ খাঁন সতর্ক করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে এবং জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন পরিস্থিতিতে ফেলবে।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :