
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তদন্ত কমিটি গঠন করেছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। কমিটির সদস্যরা হলেন ছাত্রদলের সহসভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদ। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় গঠিত এই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আব্দুল আলিম জানিয়েছেন, সোমবার দুপুর ১২টার দিকে হল প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক ও ছাত্রদের বক্তব্য শুনেছি।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে জিয়াউর রহমান হল গেটে আসেন ছাত্রদল নেতারা, এসময় তাদের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক ও পাইপের মতো দেশীয় অস্ত্র দেখা যায়। প্রক্টর ঘটনাস্থলে আসার পর তারা অস্ত্র লুকিয়ে ফেললেও, হল গেটে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে দেখে তারা চড়াও হয়।
হামলায় চারজন সাংবাদিক গুরুতর আহতসহ মোট ১০ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের মাথা ফেটে গেছে এবং আহতরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। অভিযুক্তদের মধ্যে রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথি সহ ৮-১০ জন নেতাকর্মীর নাম উঠে এসেছে।
আপনার মতামত লিখুন :