Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ অসাংবিধানিক বললে বিএনপি সরকারও অবৈধ হবে: সারজিস আলম


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ /
জুলাই সনদ অসাংবিধানিক বললে বিএনপি সরকারও অবৈধ হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে জনগণ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই জনগণই ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। তিনি দাবি করেন, যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠিত হয়েছে এবং যে প্রক্রিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছে, তা যদি অবৈধ বলা হয়, তবে বিএনপি সরকারকেও অবৈধ হিসেবে গণ্য করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টায় নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি সরকার সম্প্রতি ৮ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে যা কেবল তাদের দলীয় এমপিদের জন্য করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কি শুধু ধানের শীষ প্রতীকে নির্বাচিত এমপিদের সরকার, নাকি তারা সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের জনগণের সরকার?

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডার হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করছে। অনেক কর্মকর্তা-কর্মচারী সরকারি পরিচয়ের চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তাদের যোগসাজশে টেন্ডারবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা। জলঢাকার সভার পর নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor