
বাংলার ঋতুবৈচিত্র্য ও শরতের স্নিগ্ধতাকে তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হলো ‘শরৎ উৎসব-২০২৬’। শুক্রবার রাতে ধানমন্ডির রাশিয়ান হাউজ মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। আয়োজনে সহযোগিতা করেছে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন।
আয়োজকদের মতে, সময়ের পরিবর্তনের সাথে নাগরিক জীবনে অনেক রূপান্তর এলেও বাংলার প্রকৃতি ও সংস্কৃতির সাথে সংযোগ ধরে রাখা জরুরি। ঋতুভিত্তিক এই সাংস্কৃতিক চর্চার মূল লক্ষ্য হলো শরতের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলার ঐতিহ্যকে উদযাপন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) গোকুল ভি কে। তিনি বলেন, 'ভারত ও বাংলাদেশের অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সম্মিলিত উত্তরাধিকার। উৎসবের ধরন ভিন্ন হলেও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, সম্প্রীতি ও সৌন্দর্যবোধ দুই দেশের মানুষকে একসূত্রে যুক্ত করে।'
তিনি আরও বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঋতু উৎসবের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দুর্গাপূজা, দশমী ও নবমীর মতো উৎসবগুলো প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কেরই প্রতিফলন। ভারত-বাংলাদেশের এই অভিন্ন ঐতিহ্য সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক। অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রশিল্পী বীরেন সেন, সংগঠনটির সহ-সভাপতি রবিউল ইসলাম মিলটনসহ দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :