নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম ফকিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহিরুল আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুলের গ্রামের বাড়ি আড়াইহাজারে হলেও তিনি পরিবার নিয়ে কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি ছিল। বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজনৈতিক ও নির্বাচনী বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। নিহতের ভাগনে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় মোবারক হোসেনের সঙ্গে জহিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে এর আগেও মোবারক তাঁর অনুসারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরুলের ওপর একাধিকবার হামলা চালিয়েছিলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জহিরুলকে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এ নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করা ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :