Facebook Twitter Instagram YouTube

নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান স্পিকার হাফিজ উদ্দিনের


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ / ০
নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান স্পিকার হাফিজ উদ্দিনের

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবশ্যই সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি স্পষ্ট করে বলেছেন, সাধারণ মানুষের ওপর জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়ে স্পিকার বলেন, মাদক ও দুর্বৃত্ত দমনে তার উদ্যোগ ভালো ছিল, তবে নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। তিনি বলেন, একজন মন্ত্রী বা নেতার হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদেরও বিচারের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।

গত ১৭-১৮ বছরের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই সময়ে নির্বাচনের নামে প্রহসন, সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটেছে। ক্ষমতা ছাড়ার আগে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বর্তমান সরকার যেন জনকল্যাণে কাজ করতে পারে, সে জন্য পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লালমোহন ও তজুমদ্দিনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে স্পিকার বলেন, মাদকের সঙ্গে দলের বড় কোনো নেতা জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে এবং অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এ গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্পিকার ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। বিকেলে মঙ্গল সিকদারে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালন করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin