
বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা নিজেদের শ্রীলঙ্কার নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের নাম এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)। তারা শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেদের দাবি অনুযায়ী, মাছ ধরার সময় পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান। দীর্ঘ ৩৬ দিন তারা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ছিলেন। এ সময় জীবন বাঁচাতে তারা সাগরের বড় মাছ ধরে কাঁচা অবস্থায় খেয়ে কোনোভাবে টিকে ছিলেন।
স্থানীয় জেলেদের ভাষ্যমতে, গত বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছে একটি ফাইবার ট্রলারে তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালীতে পৌঁছান।
মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং দীর্ঘদিন সাগরে ভেসে থাকার বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে।
আপনার মতামত লিখুন :