Facebook Twitter Instagram YouTube

সাড়ে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগ নেতা আটক


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ /
সাড়ে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী এলাকা থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাফিজ উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত হাফিজ উল্লাহ (৬৬) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডেইলপাড়ার মৃত তৈয়ম গোলালের পুত্র।

কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হাফিজ উল্লাহকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ৪ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh