Facebook Twitter Instagram YouTube

সংসদে গুম প্রতিরোধসহ তিনটি বিল উত্থাপন


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ /
সংসদে গুম প্রতিরোধসহ তিনটি বিল উত্থাপন

মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি পৃথক বিল উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার ও ব্যক্তি-স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটি বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ রহিত করে একটি নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এই বিলটি আনা হয়। বিলটি পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

একই মন্ত্রী ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিদ্যমান ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’ অধিকতর সংশোধনের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষাপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh