
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হয়েছে। অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতেই এই নতুন শুল্ক আরোপ করা হলো।
বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশই এই নতুন শুল্কের আওতায় আসবে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্যসহ অসংখ্য পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে দিয়েছিল। এরপর থেকেই বৈশ্বিক শুল্ক আরোপ-সংক্রান্ত নির্বাচনী পরিকল্পনা পুনরুদ্ধারের লক্ষ্যে বর্তমান প্রশাসন এই সর্বশেষ পদক্ষেপটি নিয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের রায়ের পর ডনাল্ড ট্রাম্প ১৫০ দিনের জন্য ১০ শতাংশ হারে একটি অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন। সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে এবং নতুন শুল্ক ঠিক সেই সময় থেকেই কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন পণ্যগুলো এই নতুন শুল্কের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :