Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল যে ১০ ফুটবলারের


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ /
বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল যে ১০ ফুটবলারের

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। স্পেনের শিরোপা জয় আর কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট পাওয়ার পর ফুটবলারদের বাজারমূল্যে এসেছে বড় পরিবর্তন। টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ও উদীয়মান তারকার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন এক চমক জাগানো নাম।

ল্যামিন ইয়ামাল বা কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে ফেলে সবচেয়ে বেশি বাজারমূল্য বেড়েছে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের। বিশ্বকাপের আগে নটিংহাম ফরেস্টে খেলা এই ফুটবলার টুর্নামেন্টের মাঝপথেই ম্যানচেস্টার সিটির নজরে পড়েন। ফাইনালের তিন দিন পর সিটির সঙ্গে তাঁর চূড়ান্ত চুক্তি সই হয় ১১ কোটি ৬০ লাখ (১১.৬ কোটি) পাউন্ডে। বিশ্বকাপে জুড বেলিংহামের পাশে খেলে ইংল্যান্ডের মাঝমাঠের ভারসাম্য রক্ষা করা অ্যান্ডারসনের বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ইউরোতে, যা সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ইউরো বৃদ্ধি।

ইংল্যান্ডের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয় সত্ত্বেও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামের পারফরম্যান্স ছিল ধারাবাহিক। টুর্নামেন্টে ৭টি গোল করা এই তারকার বাজারমূল্য ৩ কোটি ইউরো বেড়ে এখন ১৫ কোটি ইউরোতে পৌঁছেছে। একইভাবে মরক্কোর মাঝমাঠের দায়িত্ব সামলানো ১৮ বছর বয়সী আইয়ুব বুয়াদ্দির বাজারমূল্যও ৩ কোটি ইউরো বেড়েছে। ফরাসি ক্লাব লিলের হয়ে খেলা এই মিডফিল্ডারের বর্তমান বাজারমূল্য ৯ কোটি ইউরো, যাঁকে দলে ভেড়াতে ইউরোপের বড় ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে বিদায় নেওয়া নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড টুর্নামেন্টে ৭টি গোল করেছেন। ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের বাজারমূল্য ২ কোটি ইউরো বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ইউরোতে। চ্যাম্পিয়ন দল স্পেনের তরুণ উইঙ্গার ল্যামিন ইয়ামাল চোটের কারণে শুরুতে বেশি খেলতে না পারলেও মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন। ১ গোল করা ইয়ামাল এখন ব্যালন ডি’অরের আলোচনায় আছেন। তাঁর বাজারমূল্যও ২ কোটি ইউরো বেড়ে ২২ কোটি ইউরো হয়েছে।

ফ্রান্সের শিরোপা অধরা থাকলেও ১০ গোল করে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে প্রমাণ করেছেন বিশ্বকাপের মঞ্চে তিনি কতটা ভয়ংকর। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বাজারমূল্য ১৮ কোটি থেকে বেড়ে হয়েছে ২০ কোটি ইউরো। তাঁর জাতীয় দলের সতীর্থ মাইকেল ওলিসেও ডান প্রান্তে গতি ও ৭টি অ্যাসিস্টের মাধ্যমে নজর কেড়েছেন। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের বাজারমূল্য ২ কোটি ইউরো বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ইউরোতে।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে লিওনেল মেসির অন্যতম ভরসা ছিলেন হুলিয়ান আলভারেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করা এই ফরোয়ার্ডের বাজারমূল্য ২ কোটি ইউরো বেড়ে এখন ১২ কোটি ইউরো। তাঁকে দলে পেতে বার্সেলোনা আগ্রহী হলেও আতলেতিকো মাদ্রিদ তাঁকে ধরে রাখতে চায়। এছাড়া ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্স তাঁর গতি ও ড্রিবলিং দিয়ে নজর কেড়েছেন। অ্যাস্টন ভিলার সাবেক এই খেলোয়াড় বিশ্বকাপের পর ১১ কোটি ৭০ লাখ (১১.৭ কোটি) পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন এবং তাঁর বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ইউরোতে।

সবশেষে স্পেনের রক্ষণের অন্যতম স্তম্ভ পাও কুবারসি ডিফেন্ডার হিসেবে অনন্য নজির গড়েছেন। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতা এই সেন্টার ব্যাকের বাজারমূল্য ২ কোটি ইউরো বেড়ে প্রথমবারের মতো ১০ কোটি ইউরোর মাইলফলক স্পর্শ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo