Facebook Twitter Instagram YouTube

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের নতুন চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ /
বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের নতুন চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) রেডিওথেরাপি অনুষদের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন। গত ২০ জুলাই অনুষ্ঠিত বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৮ আগস্ট বিসিপিএস সচিব অধ্যাপক ফিরোজ কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক আকরাম হোসেন ২০২৬ সালের জুলাই মাস থেকে পরবর্তী দুই বছর মেয়াদের জন্য এই দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ক্যানসার বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যনীতি প্রণেতা এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সরকারি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশলসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যনীতি প্রণয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিএমইউর গ্রেড-১ ও জ্যেষ্ঠতম এই অধ্যাপক ২০০৩ সালের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

উল্লেখ্য যে, বিগত সরকার আমলে ২০১০ সালে রাজনৈতিক কারণে বিএমইউ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন এই চিকিৎসক। দীর্ঘ দেড় দশক পর আইনি লড়াইয়ের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিসিপিএস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, ক্যানসার চিকিৎসা ও গবেষণায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সুখ্যাতি ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy