Facebook Twitter Instagram YouTube

নির্বাচনের দিন ছাড়া কিছুতেই গণভোট মেনে নেবে না বিএনপি – মির্জা ফখরুল


Md. Zubaer Hossain প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ /
নির্বাচনের দিন ছাড়া কিছুতেই গণভোট মেনে নেবে না বিএনপি – মির্জা ফখরুল

নিউজ ডেক্স:

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে একপেশে এবং জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যেকোনো আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আইনি বৈধতা দিতে পারে না।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি।

 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

 

মির্জা ফখরুল বলেন, “যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফাকে অগোচোরেই পরিবর্তন করা হয়েছে। দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার ধারা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

 

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশে প্রতীয়মান হয় যে, দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনাগুলো ছিল অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা।”

 

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। নির্বাচনের দিন ছাড়া কোনো ধরনের গণভোট বিএনপি মেনে নেবে না। প্রয়োজনে এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব।”

 

তিনি আরও মন্তব্য করেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় ভিন্নমত দমনের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।”