Facebook Twitter Instagram YouTube

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫ জন


Md. Zubaer Hossain প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ /
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫ জন

আন্তর্জাতিক ডেক্স:

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫ জন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে এ দুর্ঘটনাটি ঘটে। রাতের আঁধারে চলাচলের সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর যানটি বিপরীত লেনে ঢুকে পড়ে এবং সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।

 

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা না হলেও, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ফেডারেল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক হালকা আঘাত পেয়েছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কয়েকজন যাত্রী সিটবেল্ট না বেঁধে বসেছিলেন বলেও পুলিশের ধারণা।

 

দুর্ঘটনার খবর জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

 

সূত্র: রয়টার্স