Facebook Twitter Instagram YouTube

আরও ১০ আসন ছাড়ল বিএনপি


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ণ /
আরও ১০ আসন ছাড়ল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধিত চারটি দলের সঙ্গে সমঝোতা হয়েছে পাঁচটি আসনে। এগুলো হলো বগুড়া-২, ঢাকা-১২, ব্রাহ্মণবাড়িয়া-৬, পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-৪ সংসদীয় আসন। সংশোধিত আরপিও অনুযায়ী, তারা তাদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। বিএনপি সেখানে দলের কাউকে প্রার্থী করবে না। এ ছাড়া বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে পাঁচটি আসনে নির্বাচন করবেন আরও পাঁচজন। তাদের মধ্যে নিবন্ধিত একটি দলের মহাসচিবসহ দুজন বিএনপিতে যোগ দিয়েছেন। বাকিরাও শিগগির যোগ দেবেন। এ আসনগুলো হলো কুমিল্লা-৭, ঢাকা-১৩, নড়াইল-২, পিরোজপুর-১ ও যশোর-৫। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের জন্য আসন ছাড়ের এ তালিকা ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি, সেই আসনগুলোতে আমরা সমঝোতা করেছি, তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীকে অংশ নেবেন।’

সমঝোতা অনুযায়ী, বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১২ থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পটুয়াখালী-৩ থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজ নিজ দলের প্রতীকে ভোট করবেন। এর মধ্যে ঢাকা-১২ আসনে দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী করেছিল বিএনপি। এ আসন থেকে এখন সাইফুল হক নিজেদের দলীয় ‘কোদাল’ প্রতীকে নির্বাচন করবেন। বাকি চারটি আসন ফাঁকা রেখেছিল বিএনপি।

সংবাদ সম্মেলনে ‘নিবন্ধিত’ এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ‘অনিবন্ধিত’ এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপিতে যোগদানের কথা জানান। বিএনপির ঘোষণা অনুযায়ী, রেদোয়ান কুমিল্লা-৭ এবং ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট করবেন। বিএনপি নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রাথমিকভাবে প্রার্থী করেছিল। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট করেছিলেন ফরিদুজ্জামান ফরহাদ।

এ ছাড়া পিরোজপুর-১ আসন থেকে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, যশোর-৫ থেকে ১২ দলীয় জোটভুক্ত ‘অনিবন্ধিত’ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং ঢাকা-১৩ থেকে ‘নিবন্ধিত’ এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজও ধানের শীষে নির্বাচন করবেন। তারাও শিগগির বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। এদের মধ্যে যশোর-৫ আসনে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী করেছিল বিএনপি। তিনি যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি। বিএনপির ঘোষণা অনুযায়ী, এ আসন থেকে এখন রশিদ বিন ওয়াক্কাস ধানের শীষে ভোট করবেন, যিনি জমিয়তের সাবেক মহাসচিব প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মুফতি ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এ আসনে ভোট করেছিলেন।

 

 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘রেদোয়ান আহমদ আজ (গতকাল) বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগির বিএনপিতে যোগ দেবেন। যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, তারা নিজ নিজ দলের প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।’

 

 

তিনি বলেন, এ তালিকার পরও আলোচনা চলবে, তারপরে সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হবে।

 

 

এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম। তাকে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এ ছাড়া গত সোমবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তাকে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এর আগে গত মঙ্গলবার ‘নিবন্ধিত’ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। আসনগুলো হলো নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাক্ষণবাড়িয়া-২। বিএনপি এর আগে দলীয়ভাবে দুই ধাপে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

 

 

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোটের ঘোষণা অলির: বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল দুপুরে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিএনপির চূড়ান্ত মনোনয়ন বিতরণ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলের ‘চূড়ান্ত মনোনয়ন’ ফরম বিতরণ করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ চূড়ান্ত মনোনয়ন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার থেকে বিতরণ শুরু হয়েছে। দ্রুতই এ কার্যক্রম সম্পন্ন করবে দলটি। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর।