Facebook Twitter Instagram YouTube

নওগাঁয় গ্রেফতার বেলাবো উপজেলার হত্যা মামলার প্রধান আসামি


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ /
নওগাঁয় গ্রেফতার বেলাবো উপজেলার হত্যা মামলার প্রধান আসামি

ওমর ফারুক, নরসিংদী।

নরসিংদীর বেলাবো উপজেলার হত্যা মামলার প্রধান আসামি অবশেষে নওগাঁ জেলা থেকে গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ওই আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে আটক করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাবো থানার মামলা নং- ১২(২)২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের এজাহারভুক্ত প্রধান আসামি ইব্রাহিমপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মো. রজিম উদ্দিন (৪৪) ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য নরসিংদী জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) একাধিক অভিযান পরিচালনা করে।

অবশেষে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন গঙ্গারামপুর এলাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে বেলাবো উপজেলার হত্যা মামলার প্রধান আসামি মো. রজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন। তার সঙ্গে ছিলেন এসআই জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসানসহ সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে বেলাবো উপজেলার হত্যা মামলা সংক্রান্ত তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বেলাবো থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করা হবে।