
ওমর ফারুক, নরসিংদী:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিতে নরসিংদীর পলাশ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এবং উপজেলা প্রশাসন, পলাশ-এর যৌথ উদ্যোগে চরসিন্দুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, চরসিন্দুরের মেসার্স সুমন মিষ্টান্ন ভান্ডার বিএসটিআই লাইসেন্স ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন করছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য রঙ (কালার) ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্য রঙ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া মেসার্স নিখিল সুইটমিট ও মেসার্স বিজয় মিষ্টির দোকানে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক বিক্রির দায়ে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর আওতায় পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে খাদ্য নিরাপত্তা যাচাই করা হয়। মেসার্স হাবিবুল্লাহ ফল বিতান ও মেসার্স জাকির ফল ভান্ডানে মৌসুমি ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন পরীক্ষা করা হলে তা ফরমালিনমুক্ত পাওয়া যায়। একইভাবে মাছ বাজারে রুই ও ইলিশ মাছেও ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া যায়নি, যা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক।
অন্যদিকে, মেসার্স আনোয়ার স্টোরে ইফতার সামগ্রীর ওজনযন্ত্র পরীক্ষা করে পরিমাপে সঠিকতা নিশ্চিত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, পলাশ-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আরিফ হোসেন আসিফ। কেমিক্যাল পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য, মানসম্মত পণ্য এবং সঠিক ওজন নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :