Facebook Twitter Instagram YouTube

দেশজুড়ে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের আশঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ /
দেশজুড়ে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের আশঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা

ডেস্ক রিপোর্ট | হ্যালো নরসিংদী

 

দেশের ওপর নতুন করে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোতে আগামীকাল সকাল ১০টার আগ পর্যন্ত সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জেলায় দুপুর ২টা পর্যন্ত কুয়াশা বিরাজ করতে পারে। পাশাপাশি আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব অঞ্চলের একাধিক জেলায় সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

 

বিভাগভিত্তিক কুয়াশার পূর্বাভাস

 

মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা:

 

রাজশাহী বিভাগ: সকল জেলা

 

রংপুর বিভাগ: সকল জেলা

 

ঢাকা বিভাগ: প্রায় সকল জেলা

 

খুলনা বিভাগ: সকল জেলা

 

হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা:

 

ময়মনসিংহ বিভাগ: সকল জেলা

 

চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী

 

সিলেট বিভাগ: সকল জেলা

 

বরিশাল বিভাগ: সকল জেলা

নৌযান চলাচলে বিশেষ সতর্কতা

 

আজ সন্ধ্যার পর থেকে পদ্মা, যমুনাসহ দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। বিশেষ করে যমুনা ও পদ্মা নদীতে চলাচলকারী সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে কুয়াশা ও শীতের প্রভাবে সড়ক ও নৌপথে চলাচলকারী যানবাহনের চালক এবং যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

এই আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছেন ডক্টর মোস্তফা কামাল পলাশ (কানাডা)।