
ওমর ফারুক, নরসিংদী।
নরসিংদী জেলার পলাশ উপজেলায় ফ্লো মিটার ও হালনাগাদকৃত ক্যালিব্রেশন ছাড়াই জ্বালানি তেল বিপণনের দায়ে একুয়া রিফাইনারি লিমিটেডকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ অক্টোবর (সোমবার) উপজেলার ঘোড়াশাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী-এর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি হালনাগাদকৃত ভেরিফিকেশন ব্যতীত ফ্লো মিটার এবং ক্যালিব্রেশনবিহীন ওভারহেড ট্যাংক ব্যবহার করে জ্বালানি তেল বিক্রয়-বিতরণ করছে। এছাড়াও বর্জ্য ব্যবহার করে জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তা অপরাধ স্বীকার করেন।

পরবর্তীতে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, একুয়া রিফাইনারি লিমিটেডকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও পরিদর্শক (মেট) কাজী সাখাওয়াত হোসেন মনি।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :