Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ /
নরসিংদীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নরসিংদীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্-এর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার  জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ।

কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, নির্বাচন সংশ্লিষ্ট আইন-কানুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল কর্মকর্তাকে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।