Facebook Twitter Instagram YouTube

ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে গোলটেবিল আলোচনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ / ০
ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে গোলটেবিল আলোচনা

গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী এবং বাজারোপযোগী করে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। রোববার সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এই আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকার ও ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতির বিকাশে বিভিন্ন নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। এছাড়া চলতি বাজেটে স্টার্ট-আপ ও ক্রিয়েটিভ ইকোনমি বিকাশে বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। ডুয়েট যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সম্প্রসারণে কাজ করছে বলে উপাচার্য জানান। তিনি আরও বলেন, কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়াবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। উদ্ভাবনী প্রকল্পগুলোকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে। এছাড়া তিন মাস পরপর এমন আলোচনা এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। পরবর্তীতে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস, মাসকো গ্রুপ, ডিক্যাথলন ও র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেনকোর সল্যুশনসের সিইও ও সাবেক ডুয়েটিয়ান জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে তার কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh