
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে নতুন উচ্চতায় তুলে ধরবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সামরিক ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত এই যৌথ মহড়াটি পর্যবেক্ষণ করতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।
নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের একত্রে অংশগ্রহণ সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মহড়ার পেছনে সরকারের দূরদর্শী চিন্তা রয়েছে, যা সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিকে অধিকতর কার্যকর করে তুলবে।
পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :