
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী গত কয়েক দিনে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি শনিবার জানিয়েছেন, গত কয়েক দিনে হুথিদের সামরিক সক্ষমতা ও তৎপরতা দমনে ২৫৭টি সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৭ শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি আরও জানান, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। তবে এই অভিযানে সরকারি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে, হুথিরাও সরকারি বাহিনীর দেওয়া এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করেনি।
অভিযানগুলো সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বায়দা এবং লাহিজের বিভিন্ন ফ্রন্টে পরিচালিত হয়েছে। এর মধ্যে তাইজ এলাকাটি বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী প্রায় ৫০০টি অভিযান চালানোর দাবি করেছে, যাতে ১ হাজার ৫৪০ হুথি যোদ্ধা হতাহত হয়েছে বলে জানানো হয়েছিল।
তাইজের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। এই সংঘাতের মধ্যে বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটেছে; ধুবাব এলাকায় একটি আবাসিক এলাকায় গোলার টুকরার আঘাতে একটি শিশুর মৃত্যু হয়েছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাইজের আল-হুবান ক্রসিংটিও বন্ধ করে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি হুথি নিয়ন্ত্রিত আল-হুবান এলাকার সঙ্গে সরকারি নিয়ন্ত্রণাধীন তাইজ শহরকে যুক্ত করেছে। সরকারি কর্মকর্তাদের দাবি, তাইজে হুথি যোদ্ধাদের অনুপ্রবেশের প্রচেষ্টা এবং হামলা বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মানবিক কারণে ২০২৪ সালে ক্রসিংটি খুলে দেওয়ার আগ পর্যন্ত এটি টানা নয় বছর বন্ধ ছিল। এছাড়া সরকারি বাহিনী দাবি করেছে, তীব্র লড়াইয়ের পর তারা তাইজের দক্ষিণ-পূর্বাঞ্চলের সামা দুর্গের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :