
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলার ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উপত্যকার অন্যান্য এলাকায় চালানো পৃথক হামলায় আরো চারজন নিহত হয়েছেন।
আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, গাজা সিটির যে এলাকাটিতে এই হামলা চালানো হয়েছে সেটি অত্যন্ত জনবহুল এবং সেখানে প্রচুর দোকানপাট ও সুপারমার্কেট রয়েছে। এলাকাটিতে বর্তমানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়ে বসবাস করছেন।
এর আগে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। তবে হতাহতের এই ঘটনার বিশদ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয় থেকে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকেই ইসরাইলি সেনাবাহিনী তা লঙ্ঘন করে আসছে। এ পর্যন্ত ইসরাইলি বাহিনী তিন হাজারেরও বেশি বার এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :