Facebook Twitter Instagram YouTube

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন সাবেক রাজ্যসভা সাংসদ


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ /
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন সাবেক রাজ্যসভা সাংসদ

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তাদের দলে স্বাগত জানান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই তিন নেতার যোগদানের ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আগামী ২৪ জুলাই রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই তিনজনই বিজেপির প্রার্থী হিসেবে আবারও রাজ্যসভায় ফিরতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে সমীক ভট্টাচার্য সরাসরি কিছু না বলে জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো নীতিগত পরিবর্তন নয়, বরং একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। সমীক ভট্টাচার্য বলেন, তৃণমূলের জন্য দলের দরজা বন্ধ থাকলেও, যারা দুর্নীতি, অত্যাচার বা চাকরি বিক্রির সঙ্গে জড়িত ছিলেন না, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব নতুন দলে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি জানান, তৃণমূলের অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপ্তি দেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সুখেন্দু শেখর রায়ও একই ধরনের অভিযোগ করেছেন। অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এখন তাদের একমাত্র পরিচয় তারা বিজেপির কর্মী। আসামে অবস্থান করলেও কেন কলকাতায় এসে যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে সুস্মিতা দেব জানান, এটি দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ছিল এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তাকে পশ্চিমবঙ্গের প্রতি সম্মান দেখাতে পরামর্শ দিয়েছিলেন।

উল্লেখ্য যে, গত মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর এই তিন নেতা তাদের সদস্যপদ ও দল থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিজেপি এই তিনটি আসনেই জয়ের সম্ভাবনা রাখে, যার ফলে এই তিন সাবেক তৃণমূল সাংসদের বিজেপির টিকিটে রাজ্যসভায় ফেরার বিষয়টি আরও জোরালো হয়েছে।