Facebook Twitter Instagram YouTube

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি

কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার উজিরপুর ও ভাংগারহাট এলাকায় মনু নদের বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই দুর্যোগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পানির স্রোতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢলের তোড়ে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের কয়েকটি স্থান দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কিত এলাকাবাসী বালিভর্তি বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দি মানুষ ঘরবাড়ি ছেড়ে গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রয়োজনীয় মালামাল নিয়ে বাঁধের ওপর বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার জানিয়েছেন, বন্যাদুর্গতদের সহায়তায় শুকনো খাবার পাঠানো হয়েছে। পানিবন্দি মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি উদ্ধারকাজে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।