
মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই রুদ্ধশ্বাস জয়ের চাপ কাটিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজে অনুশীলনে দেখা গেছে লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজদের। এখন আলবিসেলেস্তেদের মূল লক্ষ্য সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া।
কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য এই কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার গোপন অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, একাদশ নিয়ে কিছুটা রহস্য থাকলেও বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। তিনি মিশরের বিপক্ষে খেলা মূল একাদশের ওপরই আস্থা রাখছেন।
স্কালোনির মতে, মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা প্রভাবশালী দল ছিল এবং ব্যক্তিগত কিছু ভুল থেকেই গোল হজম করতে হয়েছে। তাই কৌশলে বড় পরিবর্তন না এনে ছোটখাটো সংশোধনেই তিনি ভরসা রাখতে চান। তবে তার পুরোনো অভ্যাস অনুযায়ী ম্যাচভেদে এক-দুটি পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রাইট-ব্যাক ও সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে তিনি নতুন করে ভাবছেন।
রাইট-ব্যাকে নাহুয়েল মলিনা প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় তার জায়গায় গঞ্জালো মন্তিয়েলের শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সেন্টার ফরোয়ার্ড পজিশনে হুলিয়ান আলভারেজের চেয়ে লাউতারো মার্তিনেজ এগিয়ে আছেন। মিশরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লাউতারো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এবং এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে অ্যাসিস্টও করেছিলেন।
এ ছাড়া মাঝমাঠে একটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছেন স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসকে রেখে চার মিডফিল্ডারের ছকও অনুশীলনে পরীক্ষা করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :