
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ও পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমকে (৭০) পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন ও ইলিয়াস মিয়া।
পুলিশ জানায়, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ এবং র্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ওসি সাঈদ আহমেদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই শনিবার রাত দুইটার দিকে মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের শিকার হন ববি বেগম। গুরুতর আহত অবস্থায় চারদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৭ জুলাই) তিনি মারা যান। ববি বেগমের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে।
আপনার মতামত লিখুন :