
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে নতুন এক কীর্তি যোগ করলেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন তিনি এই অনন্য মাইলফলক স্পর্শ করেন। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে ৪৫ রানের একটি ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন তিনি।
এই মাইলফলক অর্জন করতে বাবর আজমকে খেলতে হয়েছে ৩৯৯টি ইনিংস। এই তালিকায় ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ৩৫০ ইনিংসে ১৬ হাজার রান করার বিশ্বরেকর্ডটি অক্ষুণ্ণ রয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কোহলির চেয়ে ৪৯ ইনিংস বেশি খেলে বাবর এই তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই গৌরব অর্জন করলেন বাবর আজম। এর আগে ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ এবং জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের জার্সিতে এই কীর্তি গড়েছিলেন। তবে পাকিস্তানের হয়েও বাবর আজমের চেয়ে কম ইনিংসে এই রান করার রেকর্ড রয়েছে মোহাম্মদ ইউসুফ (৩৮৮ ইনিংস) ও জাভেদ মিয়াঁদাদের (৩৯৮ ইনিংস)।
আপনার মতামত লিখুন :