Facebook Twitter Instagram YouTube

ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি থেকে বাঁচতে করণীয়


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ / ০
ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি থেকে বাঁচতে করণীয়

আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে ভোরে হালকা ঠাণ্ডা, দুপুরে গরম এবং সন্ধ্যায় শীতল বাতাসের কারণে শরীরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। তাপমাত্রার এই ঘন ঘন পরিবর্তনের ফলে অনেকেরই হাঁচি, নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা কিংবা হালকা কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে এগুলো সাধারণ সর্দি-কাশির উপসর্গ, তবুও শারীরিক অস্বস্তি এড়াতে বিশেষ সচেতনতা ও ঘরোয়া যত্নের প্রয়োজন রয়েছে।

অসুস্থ বোধ করলে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি। কাজের চাপে অতিরিক্ত ক্লান্তি তৈরি না করে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করুন, যা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে। সর্দি-কাশির সময় পর্যাপ্ত পানি পান করা বাঞ্ছনীয়। এছাড়া কুসুম গরম পানি, হালকা গরম স্যুপ বা অন্যান্য উষ্ণ পানীয় গলার অস্বস্তি কমাতে আরাম দেয়। গলাব্যথা বা খুসখুসে কাশির ক্ষেত্রে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করা বেশ কার্যকর। যাদের বয়স এক বছরের বেশি, তাদের ক্ষেত্রে সামান্য মধু, তুলসীপাতা বা হার্বাল চা কাশির অস্বস্তি কমাতে পারে, তবে এক বছরের কম বয়সী শিশুদের মধু দেওয়া থেকে বিরত থাকতে হবে।

নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়ার সমস্যায় স্যালাইন নাসাল স্প্রে বা ড্রপ ব্যবহার করা যেতে পারে। ঘরের বাতাস খুব শুষ্ক মনে হলে পরিষ্কার হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। গরম পানির ভাপ নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন; ফুটন্ত পানির পাত্রের ওপর সরাসরি মুখ রেখে বাষ্প নেওয়া উচিত নয়, কারণ এতে মুখ ও শরীর পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

সুস্থ থাকতে খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে। সুষম খাদ্যতালিকায় মৌসুমি ফল, শাকসবজি, ডাল, ডিম ও মাছ অন্তর্ভুক্ত করুন এবং প্রচুর পানি পান করুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকা জরুরি। বাইরে থেকে ফিরে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন। হাঁচি বা কাশির সময় টিস্যু কিংবা কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন এবং ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলুন। এছাড়া অসুস্থ অবস্থায় শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলাই শ্রেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy