
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারে অবস্থিত সলতানাত ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণী তার সহকর্মীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ক্যাফেটির ভেতরেই এই নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী ওই ক্যাফেরই একজন কর্মী। সোমবার রাতে ক্যাফের ভেতরে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হয়ে গেলেও ভেতরে পানাহার ও নাচ চলতে থাকে। দলের একজন সদস্যের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টি চলাকালীন দলের দুই পুরুষ সদস্য তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে থেকে বের হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত দুই নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :