Facebook Twitter Instagram YouTube

ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২০ আগস্ট


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ /
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে, এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে ফেরার পথে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর গত ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের নির্দেশ দেন। পরবর্তীতে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে সেই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি বাদী আদালতে নারাজি আবেদন জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দেওয়া ওই চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh