Facebook Twitter Instagram YouTube

শাহরুখের মান্নাত সংস্কারে আইনি বাধা কাটল সুপ্রিম কোর্টের রায়ে


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ /
শাহরুখের মান্নাত সংস্কারে আইনি বাধা কাটল সুপ্রিম কোর্টের রায়ে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণের পথে থাকা আইনি বাধা দূর হয়েছে। বাড়িটিতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই শুনানিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি-র ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বরের রায়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান।

আদালত শুনানির সময় মন্তব্য করেছেন, এটি শাহরুখ খানের নিজস্ব বাড়ি। সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করার সিদ্ধান্তটি একান্তই তাঁদের। আইনের কোনো বড় ধরনের লঙ্ঘন সেখানে হয়নি, তাই প্রতিবেশী বা অন্য কারও এতে হস্তক্ষেপ করার কোনো যৌক্তিক কারণ নেই বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত।

এর আগে পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকর এই আবেদনটি করেছিলেন। তাঁর আইনজীবী শোয়েব আলম আদালতে যুক্তি দিয়েছিলেন যে, শাহরুখ খান একজন তারকা বলেই বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত নয়। তাঁর অভিযোগ ছিল, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল বা সিআরজেড-সংক্রান্ত অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে। তবে এনজিটি তাদের পূর্বের রায়ে জানিয়েছিল, অনুমোদন প্রক্রিয়ায় কোনো আইনি অসংগতি বা ত্রুটি ছিল না।

গ্রেড-৩ ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে মান্নাত চিহ্নিত থাকায় যেকোনো পরিবর্তনের জন্য বিশেষ অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই সংস্কার প্রকল্পটি শুরু থেকেই বিভিন্ন মহলের নজর কেড়েছিল। এর আগে ২০১৯ সালে মালিকানা স্থায়ী করার সময় হিসাবের ভুলে শাহরুখ ও গৌরী খানকে প্রায় ৯ কোটি রুপি ফেরত দিয়েছিল মহারাষ্ট্র সরকার। প্রায় ২ হাজার ৪৪৬ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত মান্নাত এখন শুধু শাহরুখ দম্পতির বাসভবনই নয়, বরং মুম্বাইয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo