Facebook Twitter Instagram YouTube

ম্যারাডোনা মৃত্যু মামলা: আইনজীবীদের হট্টগোলে শুনানি স্থগিত


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ /
ম্যারাডোনা মৃত্যু মামলা: আইনজীবীদের হট্টগোলে শুনানি স্থগিত

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলা মামলার শুনানিতে প্রধান দুই আইনজীবীর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিচারকরা আদালতের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন। বিচারকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে সংশ্লিষ্ট আইনজীবীদের বিচারপ্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে। মঙ্গলবার ম্যারাডোনার মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় তার দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক দলের বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে এক সাক্ষীর জবানবন্দির সময় এই ঘটনা ঘটে।

শুনানি স্থগিত হওয়ার পরও আদালতের বাইরে আইনজীবীদের বাকবিতণ্ডা অব্যাহত থাকে। ম্যারাডোনার দুই মেয়ের পক্ষে নিয়োজিত আইনজীবী ফার্নান্দো বুরলান্দো এবং প্রতিপক্ষের প্রধান আইনজীবী ফ্রান্সিসকো ওনেতোর মধ্যে অপমানজনক মন্তব্যের বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, একজন প্রসিকিউটর ও এক পুলিশ কর্মকর্তা হস্তক্ষেপ করে ওনেতোকে সরিয়ে নিয়ে যান, যা বড় ধরনের হাতাহাতি এড়াতে সাহায্য করে। এর আগে আদালতের ভেতরে বুরলান্দো ওনেতোকে ব্যক্তিগত বিষয়ে ব্যঙ্গ করলে ওনেতো ক্ষুব্ধ হয়ে ডেস্কের দিকে এগিয়ে যান।

এই দুই আইনজীবীর তিক্ত সম্পর্ক নতুন নয়। এপ্রিল মাসে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়াজুড়ে তাদের মধ্যে বারবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী আগস্টের শেষ পর্যন্ত এই মামলার শুনানি চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুয়েন্স আয়ারসের উপকণ্ঠ সান ইসিদ্রোতে চলমান এই মামলায় আদালত খতিয়ে দেখছে, ম্যারাডোনার চিকিৎসক দলের সাত সদস্য তার চিকিৎসায় যথাযথ দায়িত্ব পালন করেছিলেন কি না। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে, যদিও অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

২০২০ সালের ২৫ নভেম্বর, বুয়েন্স আয়ারসের উত্তরে তিগ্রে শহরের একটি বাড়িতে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় ৬০ বছর বয়সে মারা যান দিয়েগো ম্যারাডোনা। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ হিসেবে পালমোনারি ইডিমা (ফুসফুসে তরল জমা) এবং হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin