Facebook Twitter Instagram YouTube

২২ বছর পর ভারতকে হারিয়ে ঐতিহাসিক রাত উপহার দিল বাংলাদেশ


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ /
২২ বছর পর ভারতকে হারিয়ে ঐতিহাসিক রাত উপহার দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:

 

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। রাকিব হাসান ও মোরছালিনের দুর্দান্ত বোঝাপড়ায় করা একমাত্র গোলটিই হয়ে রইল লাল-সবুজের গর্বের প্রতীক। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফিরতি লেগে শক্তিশালী ভারতকে ১–০ গোলে হারিয়ে ২২ বছরের শাপমোচন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলে ছিল সতর্কতার ছাপ। প্রথম দশ মিনিট বাংলাদেশ নিজেদের অর্ধেই ব্যস্ত থাকলেও ভারত তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি। ঠিক এমন সময়ে আসে গোলের সেই স্বর্ণালী মুহূর্ত। ম্যাচের একাদশ মিনিটে বাঁ দিক থেকে রাকিবের নিখুঁত ক্রসভারতীয় গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গলে জালে পাঠান ফেরদৌস মোরছালিন। জাতীয় দলের হয়ে এটিই তার সপ্তম গোল—আর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আসরে নিজের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ। দুই ড্রসহ মোট ৫ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে এখন তৃতীয় স্থানে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে হংকং (৮ পয়েন্ট), আর মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরলেন শমিত সোম ও মোরছালিন। নেপালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে শমিত ছিলেন বদলি; আর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মোরছালিন। তাদের জায়গা করে দিতে বাদ যান অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র। নতুন সমীকরণে গড়া দল মাঠে নেমে দেখিয়ে দিল নতুন উদ্যমই পারে গড়ে দিতে নতুন ইতিহাস।

সবশেষ ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ২২ বছর পর এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চেও সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামাল ভূঁইয়াবিহীন বাংলাদেশ দল।

ম্যাচ শেষে সমর্থকদের মধ্যেও ছিল উচ্ছ্বাসের ঝড়—অনেকের ভাষায়, “এটাই বাংলাদেশ ফুটবলের নতুন সূচনা।”