
নিজস্ব প্রতিবেদক | হ্যালো নরসিংদী
তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৫
নরসিংদী-সদর ০১ (সদর–মাধবদী) জাতীয় সংসদ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাইয়ের দল) থেকে গুরুত্বপূর্ণ প্রার্থী পরিবর্তনের ঘোষণা এসেছে। হাতপাখা প্রতীকের ঘোষিত প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার বিশেষ কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতার কথা জানিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সদলে আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই নতুন করে নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়াকে হাতপাখা প্রতীকের নতুন সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা যায়, শওকত হোসাইন সরকারের সরে দাঁড়ানো দলের অভ্যন্তরীণ বৈঠক ও পরামর্শক্রমে নেওয়া একটি সিদ্ধান্ত।
মনোনয়ন পাওয়ার পরপরই আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া নির্বাচনী মাঠে সক্রিয় যোগাযোগ শুরু করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন নরসিংদী-০১ আসনের ভোটযুদ্ধে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ চরমোনাই পীরের দলের ভোটব্যাংক এলাকায় নির্দিষ্ট প্রভাব রাখে এবং নতুন প্রার্থী মাঠে শক্তিশালী প্রচারণা গড়ে তুলতে পারলে প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে অনেকেই মনে করছেন।
আপনার মতামত লিখুন :