Facebook Twitter Instagram YouTube

সৌদিতে হুতি হামলা: ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার, কমেছে কর্মী গমন


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ / ০
সৌদিতে হুতি হামলা: ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার, কমেছে কর্মী গমন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিদেশগামী কর্মীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এই সময়ে ৪ লাখ ১৭ হাজার ৮৭১ জন বাংলাদেশি বিদেশে গেছেন, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮০৪। বিএমইটির তথ্যমতে, করোনা মহামারির পর চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিতে সবচেয়ে কম বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও কর্মী যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিএমইটির তথ্য অনুযায়ী, গত বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার ৯০৭ জন কর্মী সৌদি আরবে গেলেও, চলতি বছরের একই সময়ে সেই সংখ্যা নেমে এসেছে ২ লাখ ১ হাজার ৩৬১ জনে। অর্থাৎ, দেশটিতে কর্মী যাওয়ার হার প্রায় ৫৫ শতাংশ কমেছে।

এরই মধ্যে দেশটিতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার ঘটনায় শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত দুই দিনে সৌদি আরবের তেলক্ষেত্র, পাইপলাইন, বিমানঘাঁটি ও বেসামরিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলাগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সামগ্রিকভাবে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত সর্বমোট ৫ লাখ ৭৮ হাজার ৫৯৭ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ৮ লাখ ৫১ হাজার ৯৫ জন। পরিসংখ্যান বলছে, চলতি বছরে এ সময় পর্যন্ত সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান প্রায় ৩২ শতাংশ কমেছে। যুদ্ধের আগের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল; চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন কর্মী বিদেশে গিয়েছিলেন, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ২৯১ জন। ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ ৩২ হাজার ৩৬০ জন কর্মী বিদেশে যান, যার মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জনের কর্মসংস্থান হয়েছিল সৌদি আরবে। মালয়েশিয়া, ওমান ও মালদ্বীপের শ্রমবাজার বন্ধ থাকা সত্ত্বেও সেই বছর সৌদি আরবের বাজার সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din