
ইতালির বারি এলাকায় সড়ক দুর্ঘটনায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ইতালির পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জুনাইদ আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের অন্য দুই ভাইয়ের একজন ইতালিতে এবং অপরজন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন। নিজের পায়ে দাঁড়ানো ও পরিবারের ভাগ্য বদলানোর আশা নিয়ে প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর প্রায় দুই মাস আগে সমুদ্রপথে অনিয়মিত রুটে তিনি ইতালিতে পৌঁছান। অতি সম্প্রতি তিনি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন।
দুর্ঘটনায় জুনাইদের আকস্মিক মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। নিহতের মামাতো ভাই মো. নিশান মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করা ও স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে জুনাইদ বিদেশে গিয়েছিল। কিন্তু ২৪ নভেম্বর রাতের দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেছে। শেষবারের মতো যেন প্রিয়জনের মুখটি দেখা যায়, সেজন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ জানান, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই প্রবাসীর মৃত্যুর কথা তিনি জেনেছেন। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :