
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে এস এম জিলানী বলেন, নজরুলের গান, কবিতা ও দর্শনের চর্চা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, শুধু নজরুল বর্ষে নয়, বরং সারা বছরই এই চর্চা চলমান থাকবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে যুবসমাজ মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় কোটালীপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, সহসভাপতি ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :