Facebook Twitter Instagram YouTube

কুবিতে নবীনবরণে আসছেন নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ / ০
কুবিতে নবীনবরণে আসছেন নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আগামী ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাছছিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া জানান, আগামী ১২ ডিসেম্বর ২০তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাবে।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, নতুন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটাকে স্মরণীয় করে রাখাই এই আয়োজনের লক্ষ্য। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা চান। শিক্ষার্থীরা যেন জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বকে কাছ থেকে জানার সুযোগ পায় এবং তাদের অভিজ্ঞতা শুনতে পারে। একই সঙ্গে জুলাইয়ের ইতিহাস, ত্যাগ এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা নতুনদের সামনে তুলে ধরার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের ইতিবাচক চিন্তা ও প্রত্যাশা জানার সুযোগ তৈরি করতে চায় ছাত্রশক্তি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh