Facebook Twitter Instagram YouTube

নরসিংদী স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
নরসিংদী স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝখানে পড়ে আমীর হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আমীর হোসেন তার দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় স্টেশনে প্রচণ্ড ভিড় থাকায় অনেকেই ছাদ থেকে নামছিলেন। ট্রেনটি পুনরায় চলতে শুরু করলে তাড়াহুড়া করে নামতে গিয়ে আমীর হোসেন দুই বগির মাঝখানে পড়ে যান। ট্রেনটি তাকে প্রায় ৩০ গজ দূরে টেনে নিয়ে যায়।

উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, ট্রেন থেকে কাটা পড়া ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে তার লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin