Facebook Twitter Instagram YouTube

সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় লেখক অ্যান কারসন


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ / ০
সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় লেখক অ্যান কারসন

কানাডীয় লেখিকা অ্যান কারসন ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি কারসনের সাহিত্যকর্মকে ‘bold and inventive oeuvre’ বা সাহসী ও সৃজনশীল সাহিত্যসম্ভার হিসেবে অভিহিত করেছে। কমিটির ভাষ্য অনুযায়ী, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টির স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

৭৬ বছর বয়সী এই লেখকের সাহিত্যকর্মে কবিতা, গদ্য, অনুবাদ এবং প্রাচীন গ্রিক সাহিত্যের এক স্বতন্ত্র সমন্বয় লক্ষ্য করা যায়। তিনি প্রচলিত ধারার সীমারেখা অতিক্রম করে নতুন আঙ্গিক ও ভাষা নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত। যদিও তাকে মূলত কবি হিসেবে দেখা হয়, তবে তার কাজে প্রবন্ধ, নাট্যধর্মী রচনা এবং কবিতার বিভিন্ন পরীক্ষামূলক রূপের সংমিশ্রণ রয়েছে। প্রাচীন গ্রিক সাহিত্য ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ তার সৃজনশীলতার অন্যতম ভিত্তি।

১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে অ্যান প্যাট্রিসিয়া কারসনের জন্ম। তার বাবা ছিলেন ব্যাংকার এবং বাবার চাকরির সুবাদে শৈশবের অনেকটা সময় তাকে কানাডার বিভিন্ন ছোট শহরে কাটাতে হয়েছে। কৈশোরেই স্কুলের এক ল্যাটিন শিক্ষকের মাধ্যমে প্রাচীন গ্রিক ভাষার প্রতি তার আগ্রহ তৈরি হয়, যা পরবর্তীতে তার একাডেমিক ও সাহিত্যিক জীবনের মূল ভিত গড়ে দেয়। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজে ক্লাসিকস বা প্রাচীন গ্রিক-রোমান সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।

সাহিত্যে নোবেল পাওয়ার মাধ্যমে কারসনের দীর্ঘ সাহিত্যজীবন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্বীকৃতি পেল। তার এই অর্জন এমন এক সাহিত্যধারাকে সামনে নিয়ে এল, যেখানে পুরোনো ঐতিহ্যকে অনুসরণ করার পাশাপাশি সেটিকে নতুন ভাষা ও আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী নাম ঘোষণার মাধ্যমে ২০২৬ সালের নোবেল সপ্তাহ শুরু হয়। মানুষের মস্তিষ্কের কোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে— দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনের জন্য এবার চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছেন ৩ জন বিজ্ঞানী— কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান এবং জর্জ ন্যাগেল।

পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh