Facebook Twitter Instagram YouTube

হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ, নুহাশ পল্লীতে নানা আয়োজন


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ / ০
হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ, নুহাশ পল্লীতে নানা আয়োজন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। প্রিয় এই লেখকের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। শুক্রবার সেখানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন রয়েছে। এছাড়া কেক কাটা এবং হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রাখা হয়েছে। এই আয়োজনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্যসহ অসংখ্য ভক্ত ও অনুরাগী অংশ নেবেন।

জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীর প্রবেশদ্বার ভক্তদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ূন আহমেদের অগণিত ভক্ত প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এই নুহাশ পল্লীতে ছুটে আসেন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। কথার জাদুকর হিসেবে পরিচিত এই লেখক একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক, চলচ্চিত্র নির্মাতা ও প্রাবন্ধিক ছিলেন। যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে তিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।

তিন শতাধিক গ্রন্থের রচয়িতা হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’। হিমু, রূপা, মিসির আলী ও শুভ্রর মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা তিনি। উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন। সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। মৃত্যুর পর তাকে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় পরও তার সাহিত্য, নাটক ও চলচ্চিত্র বাঙালি পাঠক-দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din