
সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে এই নিয়োগ দেয়া হবে। চলতি বছর নিয়োগ, চাকরির নিশ্চয়তাসহ প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্য পদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, এই বিশাল সংখ্যক নতুন শূন্য পদে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নিয়োগ পাবেন। সৌদি পেশাজীবীদের আকৃষ্ট করা, জনবলের চাহিদা পূরণ এবং উন্নত মানের সেবা প্রদানে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
কোম্পানির তথ্যমতে, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে দাঁড়িয়েছে। এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে তারা কাঙ্ক্ষিত পদ, যোগ্যতার শর্ত ও সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। কোম্পানিটি দেশটির বিভিন্ন অঞ্চলে ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, ফলে প্রার্থীরা নিজ নিজ অঞ্চলে চাকরির সুযোগ খুঁজতে পারবেন।
সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগের এই বড় নিয়োগের মূল লক্ষ্য হলো যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত, এমন দাবি করার সুযোগ নেই। তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে, যেখানে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করতে হবে।
আপনার মতামত লিখুন :