Facebook Twitter Instagram YouTube

নরসিংদী জেলা ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


Md. Zubaer Hossain প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
নরসিংদী জেলা ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে নরসিংদী জেলা ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কার্যালয়টি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুল কবির খোকন। তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা খাইরুল আলম। তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর রূহের মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নোমান আহমদ। তিনি বক্তব্যে বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে মরহুমা নেত্রীর আত্মত্যাগ ও সাহসিকতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।

দোয়া মাহফিল পরিচালনা করেন নরসিংদী জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরুজ্জামান। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী শহর ওলামা দলের সভাপতি ও জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মুফতি আল আমিন, রায়পুরা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এরশাদ উল্লাহসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের ওলামা দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।