Facebook Twitter Instagram YouTube

নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার মতবিনিময়


Md. Zubaer Hossain প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ /
নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :

নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা প্রশাসনের প্রতিদ্বন্দ্বী নন, বরং জনকল্যাণমূলক কাজে প্রশাসনের সহযোগী।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ, সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের সঠিক চিত্র ফুটে ওঠে। তাই যাচাই-বাছাই করে সত্য সংবাদ উপস্থাপনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। জনস্বার্থে জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম মতি, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠু, হ্যালো নরসিংদীর সম্পাদক জুবায়ের হোসেনসহ জেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নরসিংদীর উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।